নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৪ সেপ্টেম্বর ২০২৬

ভূমিদস্যু ওলামা লীগ নেতা মানিকের বিরুদ্ধে সরকারি জমি দখলসহ নানা অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:০৯, ৩ সেপ্টেম্বর ২০২৬

ভূমিদস্যু ওলামা লীগ নেতা মানিকের  বিরুদ্ধে সরকারি জমি দখলসহ নানা অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওলামা লীগ নেতা মাহাবুব হোসেন মানিকের বিরুদ্ধে সরকারি জমি দখল, পাওনা অর্থ পরিশোধ না করা, অসদাচরণ, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের দাবি, রাজনৈতিক প্রভাব ও বিভিন্ন মহলের আশ্রয়-প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

 

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় মাহাবুব হোসেন মানিকের একটি বাড়ির নির্মাণকাজ বর্তমানে চলমান। ওই নির্মাণকাজের অংশ হিসেবে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

 

এ ছাড়া বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিরোধপূর্ণ জায়গা কেনা এবং পরবর্তীতে মামলা-মোকদ্দমা ও দলিল সংক্রান্ত জটিলতার সুযোগ নিয়ে এসব সম্পত্তির মালিকানা দাবি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির প্রভাব কাজে লাগিয়ে মাহাবুব হোসেন মানিক নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুদিন আড়ালে থাকলেও সম্প্রতি তিনি আবারও সক্রিয় হয়ে উঠেছেন বলে দাবি তাদের।

 

ভুক্তভোগীদের অভিযোগ, বর্তমানে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার শেল্টারে থেকে তিনি বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। এসব কর্মকাণ্ডের মধ্যে সরকারি জমি দখল, পাওনাদারদের অর্থ পরিশোধ না করা এবং নিজ স্বজনদের বাড়ির গ্যাস সংযোগকে অবৈধ আখ্যা দিয়ে বিচ্ছিন্ন করার মতো ঘটনাও রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

 

এমনকি নিজ স্ত্রীকে প্রকাশ্যে মারধরের অভিযোগও রয়েছে মাহাবুব হোসেন মানিকের বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

 

হিরাঝিল এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাহাবুব হোসেন মানিকের ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে চান না। তার অভিযোগ, কারও কাছ থেকে ধার নেওয়া টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে পাওনা টাকা চাইতে গেলে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

 

এদিকে হিরাঝিল এলাকায় ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে এক নারীকে মারধরের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, ওই নারীকে মারধরের একপর্যায়ে তার মাথায় আঘাত করা হয়। পরে চিকিৎসা নিতে গেলে মাথায় কয়েকটি সেলাই দিতে হয়।

 

স্থানীয়দের আরও অভিযোগ, এসব ঘটনার পরও ভুক্তভোগীদের অনেকে থানায় যেতে সাহস পান না। সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও তারা নিজেদের নাম-পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছেন। মাহাবুব হোসেন মানিকের রাজনৈতিক ও সামাজিক প্রভাব এবং স্থানীয় কয়েকজন বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়কে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন তারা।

 

এদিকে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর মাহাবুব হোসেন মানিক নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন মহলে যোগাযোগ করছেন বলেও স্থানীয় সূত্র দাবি করেছে। তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন এবং প্রভাব বিস্তারের চেষ্টা নিয়েও এলাকায় নানা আলোচনা রয়েছে।

 

তবে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন মাহাবুব হোসেন মানিক। তিনি বলেন, “আমার ভাইয়েরাই এসব সংবাদ করাচ্ছেন। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে, সেগুলো সত্য নয়।”

 

অভিযোগের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, “বিষয়টি আমার জানা নেই। থানায় সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পর্কিত বিষয়: