নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা জনাব মোঃ হাবিবুর রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অপরাহ্ণে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এসময় বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাঁর নিজ জেলা যশোর।
এর আগে তিনি মাগুরা, ফেনী ও মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব জেলায় দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি কার্যক্রম ও জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও জোরদার হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জেলা পুলিশের সদস্যরা।


































