নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৩ বোতল বিদেশি হুইস্কিসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ উজ্জল হোসেন (৩৫), দাপা ইদ্রাকপুর এলাকার মৃত আলী নূর বেপারীর ছেলে এবং মোঃ মোস্তফা (৫০), পটুয়াখালীর বাউফল থানার মহাশ্রাদ্দিন এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার দাপা ইদ্রাকপুর বালুরঘাট এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, এসআই (নিঃ) মোঃ রফিক (বিপিএম)-এর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে দাপা ইদ্রাকপুর বালুরমাঠ এলাকার পুকা মিয়ার গ্যারেজের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তাদের কাছ থেকে ৩ বোতল বিদেশি হুইস্কি উদ্ধার করা হয়। পরে আলামত জব্দ তালিকা অনুযায়ী হুইস্কিগুলো জব্দ করে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


































