নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৩ সেপ্টেম্বর ২০২৬

বন্দরের নবীগঞ্জে কিশোর গ্যাং আতঙ্ক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৯:২২, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বন্দরের নবীগঞ্জে কিশোর গ্যাং আতঙ্ক

নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ ও ইসলামবাগ এলাকায় কিশোর গ্যাং ও অপরাধচক্রের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। খেয়াঘাট, ফেরিঘাট, নবীগঞ্জ গারো ওয়ার্কওয়ে থেকে কদমতলী দাশেরগাঁও, বাগবাড়ি হাসপাতালের পেছনের খালি মাঠসহ বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, মাদক ও চাঁদাবাজির অভিযোগে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত, মেহেদী, ফরমা, হিমেল, সিফাতসহ কয়েকজন তরুণ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের মধ্যে সীমান্তের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, সীমান্তের কয়েকজন স্বজন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় সে রাজনৈতিক প্রভাব দেখানোর চেষ্টা করে। 

 

এছাড়া সিফাতের বিরুদ্ধেও মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করেছেন স্থানীয়রা। বিশেষ করে ‘হানি ট্যাব’ নামের মাদকসদৃশ ট্যাবলেটের কারবারের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের। 

 

স্থানীয়দের আরও অভিযোগ, সনি, সোহাদ, লাবিব, নাঈম, শান্ত, লামিয়া, মিসেলসহ আরও কয়েকজন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের দাবি, এসব কর্মকাণ্ডের মধ্যে ছিনতাই ও মাদকসংক্রান্ত কার্যক্রমও রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সনিকে অপেক্ষাকৃত সিনিয়র হিসেবে দেখা হয় এবং তার নির্দেশনায় অন্যরা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হয়—এমন অভিযোগও রয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, নবীগঞ্জ ও ইসলামবাগ এলাকায় একাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এসব গ্রুপে ২০ থেকে ৩০ জন তরুণ জড়িত থাকার অভিযোগ রয়েছে। জনসমাগমের সুযোগ নিয়ে মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।

 

এলাকাবাসীর দাবি, নবীগঞ্জ খেয়াঘাট, ফেরিঘাট,ওয়ার্কওয়ে, কদমতলী দাশেরগাঁও ও বাগবাড়ি হাসপাতালের পেছনের এলাকাসহ অপরাধপ্রবণ স্থানগুলোতে পুলিশের টহল বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।