নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

৩০ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ৪৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৩৪, ৩০ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ৪৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী ও এক পুরুষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে পুলিশের চেকপোস্টে কক্সবাজার ও টেকনাফ থেকে ঢাকাগামী দুটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই নারী যাত্রী ফাতেমা (৪৫) ও খালেদা (৩৩)-কে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তাদের দেহ তল্লাশি করে বিশেষভাবে কালো পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এরপর একই চেকপোস্টে ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ থেকে ঢাকাগামী আরেকটি বাসে তল্লাশির সময় আয়াছ (২৫) নামে এক যুবককে সন্দেহ হলে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পেটের ভেতরে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তার পায়ুপথ দিয়ে বের করা ১০টি প্যাকেট থেকে আরও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।