নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ নভেম্বর ২০২৬

শ্রমিক বিক্ষোভের পর স্বাভাবিক পরিবেশ, আইনশৃংখলা বাহিনীর কঠোর অবস্থান

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:১২, ৫ নভেম্বর ২০২৬

শ্রমিক বিক্ষোভের পর স্বাভাবিক পরিবেশ, আইনশৃংখলা বাহিনীর কঠোর অবস্থান

টানা তিন দিনের শ্রমিক বিক্ষোভের পর নারায়ণগঞ্জের ফতুল্লার পোশাকশিল্প এলাকায় কর্মচাঞ্চল্য ফিরেছে। বৃহস্পতিবার সকাল থেকে কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি ও সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক দেখা গেলেও নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত শ্রমিকদের আন্দোলন এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার কাঠেরপুল,শিবু মার্কেট এলাকায় শ্রমিকদের কাজে ফিরতে দেখা গেছে। আগের তিন দিনের মতো সড়কে বিক্ষোভ কিংবা উত্তেজনাকর পরিস্থিতি চোখে পড়েনি। কারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলার পাশাপাশি এসব এলাকার যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

 

আন্দোলনের দিনগুলোতে শ্রমিকেরা প্রথমে কারখানায় কাজে যোগ দিলেও পরে বিভিন্ন সময়ে কর্মস্থল ছেড়ে বিক্ষোভে অংশ নেন। এতে কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের 

ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। 

 

বুধবার পর্যন্ত চলা এই পরিস্থিতির পর বৃহস্পতিবার সকালে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।

 

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কাঠেরপুল, শিবু মার্কেট চাষাঢ়া এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। শিবু মার্কেট থেকে আশপাশের সড়কগুলোতে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। শ্রমিকদের কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

 

শিল্পাঞ্চলের বাইরে নগরীর চাষাঢ়া এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশসহ বিজিবি'কে সড়কে অবস্থান করতে দেখা গেছে। 

চাষাঢ়ায় পুলিশের সাঁজোয়া যান (এপিসি), জলকামান, বিজিবির দুটি গাড়ি ও শিল্প পুলিশের দুটি ভ্যান রাখা হয়েছে।

সম্পর্কিত বিষয়: