নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ইজিবাইক গ্যারেজে দুর্ধর্ষ লুটের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে গ্যারেজের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে গ্যারেজ মালিকের বাবা ও এক চালককে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে রাখে দুর্বৃত্তরা। এ সময় গ্যারেজে থাকা ২৩টি ব্যাটারিচালিত গাড়ির ৯২টি ব্যাটারি ও চার্জার এবং একটি বড় ইজিবাইক লুট করে নিয়ে যায় তারা।
শনিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গ্যারেজ মালিক মো. মাহবুবুর রহমান রবিবার দুপুরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাত আনুমানিক পৌনে চারটায় দিকে গ্যারেজসংলগ্ন এক প্রতিবেশীর ফোনে চুরির ঘটনা জানতে পারেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, তাঁর বাবা ও এক চালকের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন। পরে তাঁদের বাঁধন খুলে গ্যারেজে তল্লাশি চালিয়ে দেখতে পান, ২৩টি গাড়ির মোট ৯২টি ব্যাটারি ও চার্জার এবং একটি বড় ইজিবাইক নেই।
অভিযোগে আরও বলা হয়, ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি গ্যারেজের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় তাদের হাতে ধারালো ছুরি, চাপাতি ও রামদাসহ দেশীয় অস্ত্র ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে প্রথমে তাঁরা দুজনকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে গ্যারেজে থাকা গাড়িগুলোর ব্যাটারি ও চার্জার খুলে পিকআপে তুলে নেয় দুর্বৃত্তরা। পাশাপাশি একটি ইজিবাইকও নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, ইজিবাইকের গ্যারেজে চুরির ঘটনায় মালিক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

































