জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, এই সোনারগাঁয়ে যিনি এমপি হয়েছেন, ওনার ছেলে চাঁদাবাজির কারণে থানায় গিয়ে মুচলেখা দিতে হয়েছে। বাপ হচ্ছে এমপি, পোলায় করে চাঁদাবাজি, থানায় গিয়ে দেয় মুচলেখা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি আজহারুল ইসলাম মান্নানকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলা অনভিপ্রেত। তিনি বলেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী, সালাহউদ্দিন শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছে।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার বিভিন্ন ক্ষেত্রে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। জনগণ আবারও আন্দোলনে নামলে সরকারের অবস্থান টিকিয়ে রাখা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।
সংবিধান ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সংবিধান সংস্কার কমিটি নাকি কোনো সংবিধানে লেখা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে বলি, যদি এটি না থেকে থাকে ২০২৬ সালের জাতীয় নির্বাচনও কোনো সংবিধানে নেই। সংবিধান অনুযায়ী তো নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে।’
তিনি আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী আপনার (স্বরাষ্ট্রমন্ত্রী) থাকার কথা ছিল শিলংয়ে, প্রধানমন্ত্রীর থাকার কথা ছিল লন্ডনে আর আপনার নেতাকর্মীর ধানক্ষেতে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মনে রাখতে হবে এই সংবিধানের বিরুদ্ধে গিয়ে ও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই ছাত্র-জনতা রাস্তায় নেমে নতুন বাংলাদেশের অভিমুখ সেট করেছেন। অত্যন্ত দুঃখের বিষয় আপনারা মানুষের বিরুদ্ধে গিয়ে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবস্থান নিয়েছেন। এর মূলত কারণ বিএনপি সরকার বুঝতে পারছে তাদের পায়ের তলে মাটি নেই।’
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার পার্বত্য চট্টগ্রাম থেকে প্রায় ৯০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করলেও বন্যা সংকটে জনপ্রতি মাত্র ৩০ টাকা বরাদ্দ দিয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।
পদযাত্রায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমীন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলাম অংশ নেন।


































