নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১১ আগস্ট ২০২৬

যে দলেরই হোক, নদী-খাল দখল করে জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:২৩, ১১ আগস্ট ২০২৬

যে দলেরই হোক, নদী-খাল দখল করে  জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

যে দলেরই হোক, নদী-খাল দখল করে জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না’-পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

 

কোনো ব্যক্তি বা গোষ্ঠী যত ক্ষমতাবান কিংবা যে দলেরই হোক না কেন, নদী ও খালের জমি দখল করে জলাবদ্ধতা তৈরি করতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জের ব্লক এ-১সহ বিভিন্ন এলাকার খাল দখলমুক্ত ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অবৈধ দখল উচ্ছেদ করা হবে।

মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন অগ্রণী সেচ প্রকল্পের যাত্রামুড়া পাম্প হাউজ ও প্রধান নিষ্কাশন খাল এবং রূপসী, ভুলতা ও গোলাকান্দাইল এলাকার বিভিন্ন পয়েন্টের নিষ্কাশন খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের কাজ শুরু করেন। পরবর্তীতে ১৯৮৪ সালে জাপানি প্রযুক্তি ও জাইকার সহায়তায় প্রকল্পটি পূর্ণাঙ্গ রূপ পায়। কিন্তু সময়ের বিবর্তন ও অপরিকল্পিত নগরায়ণের কারণে সেচ প্রকল্পের অনেক জমি ও খাল অবৈধ দখলের কবলে পড়েছে।’

তিনি আরও বলেন, রূপগঞ্জে বর্তমানে প্রায় ৭৪১টি শিল্পকারখানা গড়ে উঠেছে। এর ফলে একদিকে যেমন শিল্পায়ন ও নগরায়ণ বেড়েছে, অন্যদিকে খাল-নদী দখল ও ভরাটের কারণে তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা এবং পরিবেশগত সংকট।

ফরহাদ হোসেন আজাদ বলেন, নদী ও খাল দখলমুক্ত করে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। কোনো প্রভাবশালী ব্যক্তি কিংবা রাজনৈতিক পরিচয়কে এ ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রূপগঞ্জে সড়ক যোগাযোগের পাশাপাশি একটি আধুনিক নৌপথ চালু হবে। এতে সড়কে যানবাহনের চাপ কমবে, যানজট নিরসনে সহায়তা হবে এবং মানুষ অল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারবেন।

খাল ও নদী পুনঃখনন এবং দখলমুক্ত করার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী-খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা জরুরি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. রুহুল আমিনসহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সম্পর্কিত বিষয়: