চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ব্যবসায়ীদের তাদের নাম প্রকাশ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
তিনি বলেছেন, ‘অনেক জায়গায় দেখেছি চাঁদা চাওয়া হয়, কিন্তু চাঁদাবাজদের নাম প্রকাশ করা হয় না। নাম না বললে আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন। কোনো অন্যায় ও দুর্বৃত্তের কাছে মাথানত করা যাবে না।’
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় নগরীর ৬ সনাতন পাল লেনের হোসিয়ারি ক্লাবে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও হোসিয়ারি শিল্পের উত্তরোত্তর অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, হোসিয়ারি মালিক ও সাধারণ ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন, সে জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ব্যবসায়ীদের আয়ের অর্থ যাতে অন্য কেউ অন্যায়ভাবে নিয়ে যেতে না পারে, সে বিষয়ে সরকার ও সিটি করপোরেশন সক্রিয় থাকবে।
তিনি বলেন, ‘আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকব। কোনো অন্যায় ও দুর্বৃত্তের কাছে মাথানত করা যাবে না।’
নারায়ণগঞ্জের হোসিয়ারি শিল্পের প্রশংসা করে তিনি বলেন, এখানকার হোসিয়ারি মালিকরা বর্তমানে উন্নত মানের পোশাক তৈরি করছেন। এসব পণ্য বিদেশে রপ্তানির জন্য সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেন, ‘হোসিয়ারি মালিকদের জন্য আমরা লাঠি মিছিল করেছি, প্রয়োজনে আবারও করব। আমরা প্রতিনিয়ত করব। তবে আপনারা চাঁদাবাজদের কখনো ভয় পাবেন না।’
তিনি আরও বলেন, ‘সাখাওয়াত সাহেব বলেছেন, চাঁদাবাজদের নাম বলতে চান না অনেকে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। চাঁদাবাজদের নাম প্রকাশ্যে বলবেন। তাহলে আমাদের ব্যবস্থা নিতে সহজ হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের জেনারেল সহসভাপতি মো. দুলাল মল্লিক, অ্যাসোসিয়েট সহসভাপতি আলহাজ্ব মো. নাছির শেখ, পরিচালক আবদুস সবুর খান, সাঈদ আহমেদ স্বপন, মো. আব্দুল হাই, মো. মিজানুর রহমান, মো. আতাউর রহমান, হাজী মো. শাহীন হোসেন, আলহাজ্ব মো. মনির হোসেন, মো. সাইফুল ইসলাম হিরু শেখ, নাছিম আহমেদসহ স্থানীয় হোসিয়ারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


































