গণভোটের গণরায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যজোট ঘোষিত আগামী ৫ সেপ্টেম্বরের ‘ঢাকা-চট্টগ্রাম লং মার্চ’ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার। মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।
সভায় নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী জামায়াত সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে।
সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস এবং জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান। এছাড়া জেলা ও মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য এবং বিভিন্ন থানার আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে দলীয় জনশক্তির পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
লং মার্চের কর্মসূচি:
আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে অংশগ্রহণকারীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সকাল ৮টায় সেখান থেকে লং মার্চ যাত্রা শুরু হবে। পথে নারায়ণগঞ্জের চিটাগাং রোডের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হবে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের। এছাড়া ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারাও পথসভায় বক্তব্য দেবেন বলে সভায় জানানো হয়।


































