বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, দলের ভেতরে লুকিয়ে থাকা আঁতাতকারী ও চিহ্নিত বিএনপি নেতাদের বিরুদ্ধে সতর্ক থাকার সময় এসেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ আসর বন্দর নবীগঞ্জ পূর্বপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, "আজকে সরকারের দলের ভেতরে অনেকে বিএনপির নামধারী নেতৃবৃন্দ আছে, যারা বিগত সময়ে অন্যদের সাথে আঁতাত করে চলেছে। অনেকে বিগত নির্বাচনে আমাদের বিরোধিতা করেছে, এমনকি অন্য প্রার্থীকে পাস করানোর জন্য মাঠ পর্যায়ে কাজ করেছে। এদের কাছ থেকে হুশিয়ার থাকতে হবে।"
তিনি আরও উল্লেখ করেন, "মাত্র ছয় মাসের সরকারকে যদি পাঁচ বছরে স্থায়িত্ব করতে না পারি, তাহলে জনগণের অনেক প্রত্যাশা ধ্বংস হবে। সকলকে সাথে নিয়ে পথ চলতে পারলে বিএনপির সরকার সফল হবে।"
বর্তমান সরকারের প্রতি জনগণের প্রত্যাশা ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "যার গুণ আছে তার সমালোচনাও আছে। বিগত ৪৮ বছরের জম জমে থাকা সমস্যাগুলো মানুষ এখন মাত্র ছয় মাসের মধ্যে সমাধান চায়, এতে তারা অস্থির হয়ে পড়ছে। মনে হচ্ছে আকাশ থেকে ফেরেশতা এসে সব সমাধান করে দেবে। অথচ বিগত দিনে যখন তারা যন্ত্রণায় ছিল, তখন তারা কোথায় ছিল? এখন যে রাজনৈতিক খেলা চলছে, তা থেকে সব নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে।"
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, আওলাদ হোসেনসহ স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।


































