ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, জ্বালানির দাম একলাফে বিশ টাকা বৃদ্ধি করে জনগণকে কষ্টের মধ্যে ফেলে দেয়া হয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব জনজীবনের সকল ক্ষেত্রে পড়বে। পরিবহন খরচ বাড়বে, দ্রব্যমূল্য বাড়বে। জীবনের প্রতিটি ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হবে। অভাব-অনটনের মধ্যে থাকা জনগণকে এভাবে কষ্টে ফেলা যাবে না।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে রূপগঞ্জের গাউছিয়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বৈশ্বিক সংকট আছে সত্য। সরকারের কাজ হলো, সংকট মোকাবিলা করা। সরকার যদি সংকটকে সরাসরি জনগণের ওপরে চাপিয়ে দেয় তাহলে সরকারের দরকার কি?
পীর সাহেব চরমোনাই আরো বলেন , আজকে তেল গ্যাস ও বিদ্যুৎ সংকট মহামারী আকার ধারণ করেছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নাজেহাল জনগণ, চলমান দূর্নীতি দুঃশাসনই এই অস্থিরতার অন্যতম কারণ। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করতে না পারলে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।
আইএবি নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব আব্দুর রশীদ এর সভাপতিত্বে সেক্রেটারি মুফতী শিব্বির আহমাদ এর সঞ্চালনায় সুধী সম্মেলনে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা দ্বীন ইসলাম আইএবি নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমাদ মুন্সী, মাও. হাবিবুর রহমান জিহাদী, নজরুল ইসলাম মাস্টার, জয়েন্ট সেক্রেটারী মো. মনির হোসাইন, এসিস্টেন্ট সেক্রেটারী সামছুল আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, মাসুদ রানা, প্রচার সম্পাদক মাওলানা মোঃ হোসাইন গাজী, দপ্তর সম্পাদক মাও. শহিদুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাকসুদুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মাও আবু রায়হান সাইফি সহ আমন্ত্রিত সুধী বৃন্দ।


































