নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৭ অক্টোবর ২০২৬

শামীম ওসমানদের বোরখা পরেই পালাতে হয়: ইনকিলাব মঞ্চের জাবের

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩০, ২৬ অক্টোবর ২০২৬

শামীম ওসমানদের বোরখা পরেই পালাতে হয়: ইনকিলাব মঞ্চের জাবের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেছেন, আমরা দেখেছি, নিরস্ত্র ছাত্র-জনতার প্রতিরোধের মুখে বোরখা পরে কীভাবে শামীম ওসমানরা এখান থেকে পালায়। যে শামীম ওসমানরা জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে না, তাদের বোরখা পরেই পালাতে হয়।

 

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া বিজয় স্তম্ভে ইনকিলাব মঞ্চের ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, নতুন করে একদল মানুষ স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করছে। এইসব নাটক, চাঁদাবাজি, গুন্ডামি-মাস্তানি জুলাইয়ের আগে আমরা অনেক সহ্য করেছি। জুলাইয়ের পরে বিএনপিকে এগুলো সহ্য করার জন্য আমরা ক্ষমতায় নিয়ে আসিনি।

 

জাবের বলেন, আমরা বিএনপি সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার বিরোধিতা করছেন না। তবে অতীতের দমন-পীড়ন ও অধিকার হরণের পরিস্থিতিতে দেশকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না।

 

জাবের আরও বলেন, আগে যে ব্যবসায়ীকে ১০০ টাকা চাঁদা দিতে হতো, এখন তাকে ৫০০ টাকা দিতে হচ্ছে। আগে যে পোশাকশিল্পের ব্যবসায়ী দুই লাখ টাকা দিতেন, এখন তাকে ১০ লাখ টাকা দিতে হচ্ছে। 

 

এছাড়া চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধে বিএনপি সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

 

তিনি বলেন, জনগণের অধিকার রক্ষা করা না গেলে সরকারের বিরুদ্ধে লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে ইনকিলাব মঞ্চ।সেইসাথে গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা ও সংগঠনটির নেতা-কর্মীরা।

সম্পর্কিত বিষয়: