নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ নভেম্বর ২০২৬

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে : মাওলানা জব্বার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০২, ২১ নভেম্বর ২০২৬

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে : মাওলানা জব্বার

দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে গণভোটের গণরায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। শনিবার (২১ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী। বিকেল ৪টায় মিশনপাড়া এলাকায় প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

 

সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, "আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ দেশকে একটি মৃতপুরীতে পরিণত করেছিল। এখন আবারও দেশে একই ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর সাথে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে।"

 

বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা আরও বলেন, "জুলাই সনদের পক্ষে আমরা কথা বলেছি, কিন্তু সরকার আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়েছে। জনগণ বারবার রক্ত দেবে আর ক্ষমতাসীনরা ক্ষমতার অপব্যবহার করবে, তা আর হতে দেওয়া হবে না।" এ সময় সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের অবিলম্বে পদত্যাগের দাবি জানানো হয়।

 

বক্তব্যের শেষ পর্যায়ে মাওলানা আবদুল জব্বার বলেন, দেশ ও জাতির স্বার্থে একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে দেশবাসী অপেক্ষায় ছিল। প্রয়োজনে দেশে আবারও '৩৬ জুলাইয়ের' মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে উল্লেখ করে তিনি বলেন, "দেশে আরেকটি বিপ্লব হবে এবং সেটি হচ্ছে ইসলামি বিপ্লব।"

 

সমাবেশে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সাবেক আমির মাওলানা মঈনুউদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন ও মুহাম্মদ জাকির হোসাইন।

 

এ সময় মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনির হোসেন হেলালি।

সম্পর্কিত বিষয়: