শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি)।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে চাষাড়ায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত।
তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ, র্যাব এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজরদারি এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ শহর এলাকার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির টহল দল নিয়োজিত থাকবে। গত ১৬ অক্টোবর থেকে বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন শুরু করেছেন। প্রয়োজন অনুযায়ী স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায়ও প্রস্তুত থাকবে বিজিবি।
তিনি আরও বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। এ সময় সবাইকে যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার এবং সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত বিজিবি ব্যাটালিয়ন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো বিজিবির এই অধিনায়ক ।
লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার মাধ্যমে দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময় করে তুলতে হবে।


































