নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৮ অক্টোবর ২০২৬

আগামীকাল নারায়ণগঞ্জে কুমারী পূজার আসনে বসবে সাড়ে ছয় বছরের শ্রেয়সী

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫৭, ১৮ অক্টোবর ২০২৬

আগামীকাল নারায়ণগঞ্জে কুমারী পূজার আসনে বসবে সাড়ে ছয় বছরের শ্রেয়সী

নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া মিশন পাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমে আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ ‘কুমারী পূজা’। এ উপলক্ষ্যে আশ্রম প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের সমাগমকে কেন্দ্র করে প্রস্তুতি নেওয়াসহ তৈরী করা হচ্ছে কুমারীর আসন।

চলতি বছর চাষাঢ়া রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী হিসেবে পূজিত হবেন ৬ বছর ৬ মাস ১৮ দিন বয়সের শিশু শ্রীশ্রী কুমারী শ্রেয়সী ভট্টাচার্য। ভরদ্বাজ (ব্রাহ্মণ) গোত্রের এই শিশু বর্তমানে চাষাঢ়া বেইলী টাওয়ারে অবস্থিত 'আনন্দ ভুবন' স্কুলের প্রাক্-প্রথম শ্রেণীতে অধ্যয়নরত।

তার বাবা ডা. সুমন ভট্টাচার্য এবং মা অর্পিতা ভট্টাচার্য। তারা নারায়ণগঞ্জ নগরীর ১৫৮/২ বঙ্গবন্ধু সড়ক (গলাচিপা) এলাকার বাসিন্দা।

কুমারী পূজার সার্বিক বিষয়ের তথ্য নিশ্চিত করে রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্পূর্ণ শাস্ত্রীয় বিধিবিধান মেনে পূজার যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। দেবী দুর্গার জীবন্ত প্রতিরূপ হিসেবে কুমারীকে বন্দনা করতে বিপুলসংখ্যক ভক্তের আগমন ঘটবে বলে তিনি জানান।

এদিকে পূজা আয়োজন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ রাখতে আশ্রম এলাকা ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।