জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ২৪ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিকে আগামীতে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুমোদিত অ্যাডহক কমিটিতে জেলা প্রশাসক, নারায়ণগঞ্জকে সভাপতি করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ; উপপরিচালক, জেলা সমাজসেবা অধিদপ্তর, নারায়ণগঞ্জ; জেলা ক্রীড়া অফিসার, নারায়ণগঞ্জ এবং সাবেক জাতীয় ফুটবলার মো. সুজন ভূঁইয়া।
কমিটির সদস্য-সচিব করা হয়েছে ক্রীড়াবিদ আরাফাত আহমেদ রাকিবকে।
জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনপত্রে বলা হয়েছে, অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লিখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবে।
নতুন অ্যাডহক কমিটি গঠনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের ক্রীড়া সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের পথও সুগম হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


































