নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৩ ফেব্রুয়ারি ২০২৬

ভালো সেন্ট্রাল পরিদর্শনে সাংবাদিক খালেদ মহিউদ্দিন ও এমপি আল আমিন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩২, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ভালো সেন্ট্রাল পরিদর্শনে সাংবাদিক খালেদ মহিউদ্দিন ও এমপি আল আমিন

নারায়ণগঞ্জে ‘ভালো সেন্ট্রাল’ এর কার্যালয় পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ও যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বাংলা দৈনিক ‘ঠিকানা’র সিইও সাংবাদিক খালেদ মহিউদ্দিন। গতকাল রবিবার দুপুরে তারা সংগঠনটির কার্যালয় পরিদর্শন করেন এবং অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভালো সেন্ট্রাল বাংলাদেশের প্রেসিডেন্ট তাজুল ইসলাম রাজিব, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন মোবাইল টেলিকম কোম্পানি রিভারটেল ও ঠিকানার প্রধান উপদেষ্টা রুহিন হোসাইন, ভালো সেন্ট্রাল বাংলাদেশের ম্যানেজার মোখলেসুর রহমান ভুট্টু, এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী প্রমুখ।

ভালো সেন্ট্রাল এর কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিক খালেদ মহিউদ্দিন বলেন, নিউইয়র্কে একটি বাংলাদেশি এনজিও কতটা কাজ করতে পারে, তা আমি দেখেছি। এবারের যাত্রায় আমি দেখেছি, ভালো সেন্টার শিশুদের স্কুলে যাওয়া, মানুষের কাজকর্মে অভাব, খাবার থেকে শুরু করে নিউইয়র্কে অনেক কাজ করে। সেভাবেই ভালো ফাউন্ডেশনের সঙ্গে আমার পরিচয়।

আজ আমি দেখতে আসছি, ভালো সেন্টার বাংলাদেশেও বন্যার সময় কাজ করেছে, সঙ্গে আমাদের ঠিকানা ছিল। এখন রমজান মাসে ভালো সেন্টার প্রতিদিন ইফতার বিতরণ করছে এবং অনেকের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজটি করছে।

তারা এখানকার স্যানিটেশন, হেলথ ও হাইজিন- এই দুটি ক্ষেত্রে এই অঞ্চলের মানুষ যেন সুবিধা পান, সে ব্যবস্থাও করেছে। বরিশালেও তারা এই শাখা উদ্বোধনের চেষ্টা করছে। আমি ব্যক্তিগতভাবে ভালোর সঙ্গে আছি। ভালোর এসব কাজ আমাকে খুবই উদ্বুদ্ধ করে।

বিশেষ করে যখন দেখি নিউইয়র্কের রাস্তায় কেউ একজন বাংলাদেশি এনজিও থেকে সাহায্য পেয়ে খুশি হয়ে যাচ্ছে- তখন আমার অনেক গর্ব হয়।

সংগঠনটির বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট তাজুল ইসলাম রাজিব বলেন, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহরিয়ার রহমানের বাড়ি নারায়ণগঞ্জ। তাঁর উদ্যোগে এবং প্রবাসী বাঙালি কমিউনিটির সহযোগিতায় আমাদের ভালো সেন্টার গড়ে ওঠে এবং ভালো সেন্টার বাংলাদেশে কাজ করছে।

আমরা মানুষের চিকিৎসা, নারীদের গর্ভকালীন চিকিৎসা ও শিশুদের চিকিৎসা ও ওষুধ সরবরাহের চেষ্টা করি। স্থানীয় গরিব মানুষ ও দিনমজুরদের জন্য বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত সেলুন ও টয়লেটের ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, আমরা প্রতি সপ্তাহে তিন দিন করে আমাদের ফুড সার্ভিস দিচ্ছি। আমাদের কাছে কেউ সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করি। কারও শারীরিক সমস্যা বা কারও ঘর ভেঙে গেলে- এ ধরনের বিষয়গুলো দেখে বুঝে তাদের সহযোগিতা করার চেষ্টা করি।

বিগত তিন বছর ধরে প্রতি রমজান মাসে ১ থেকে ২৫ রমজান পর্যন্ত প্রতিদিন ১ হাজার ২০০ লোকের ইফতারি বিতরণ করছি।

আমাদের এই উদ্যোগ পরিদর্শন করতেই খালেদ ভাই এখানে এসেছিলেন। ঠিকানা ফাউন্ডেশনের সঙ্গে আমরা এর আগেও মিলে সিলেট ও নোয়াখালীতে বন্যার্তদের জন্য কাজ করেছি। ভবিষ্যতে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

পরে অতিথিদের নিয়ে ভালো সেন্ট্রালের উদ্যোগে পরিচালিত স্কুল ঘুরে দেখেন। যেখানে শ্রমজীবী মানুষের সন্তানদের বিনামূল্যে পড়ালেখা করানো হয়। 

সম্পর্কিত বিষয়: