’পবিত্র রমজান মাস ও তীব্র দাবদাহের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
কিন্তু সরকারের এই সুস্পষ্ট নির্দেশনার কোনো তোয়াক্কা না করে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে অবস্থিত ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সরকারি নির্দেশকে রীতিমতো ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে নিজেদের খেয়াল খুশিমতো প্রতিষ্ঠানটি খোলা রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
জানা যায়,বন্দর উপজেলার মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ফুলহর এলাকায় অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি সরকারি ছুটির মধ্যেও জোরপূর্বক ক্লাস পরিচালনা করছে।
সরকার যেখানে শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে, সেখানে এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের এমন খামখেয়ালিপনা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় ও অভিভাবকদের সূত্রে জানা গেছে, স্কুল খোলা রাখার কারণে বাধ্য হয়েই শিক্ষার্থীদের ক্লাসে পাঠাতে হচ্ছে। এতে করে শিক্ষার্থীরা গরমে ও রোজার মধ্যে চরম ভোগান্তির শিকার হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, "সরকার স্কুল বন্ধ দিলেও এরা মানছে না।বাচ্চাদের না পাঠালে যদি পরীক্ষায় প্রভাব পড়ে, সেই ভয়ে বাধ্য হয়েই স্কুলে পাঠাতে হচ্ছে।"
সরকারের সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি কীভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা নিয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে।
সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের সঠিক নজরদারি না থাকার কারণেই এমন কিছু শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের ইচ্ছেমতো নিয়ম তৈরি করে চলার সাহস পাচ্ছে।
এ বিষয়ে জানতে ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো সদুত্তর পাওয়া যায়নি।
এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকরা দ্রুত বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
সরকারি নির্দেশ অমান্যকারী এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


































