নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬

খানপুর হাসপাতালে রোগীর স্বজনদের মোবাইল চুরি, চোর আটক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৪৯, ৬ অক্টোবর ২০২৬

খানপুর হাসপাতালে রোগীর স্বজনদের  মোবাইল চুরি, চোর আটক

নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল (খানপুর) থেকে রোগী ও স্বজনদের মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে গোলাম রাসেল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে কর্তব্যরত আনসার সদস্যরা।

সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আনসার সদস্যদের সন্দেহ হয়। বিষয়টি ক্যাম্প ইনচার্জকে জানানো হলে তার গতিবিধির ওপর নজরদারি শুরু করা হয়।

পরে রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বেডে বেডে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়।

আটক গোলাম রাসেল ফরিদপুরের শিবচর উপজেলার বাহেদেবপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম গোলাম নবী।

আনসার সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলাম রাসেল দীর্ঘদিন ধরে রাতের বেলায় হাসপাতালে প্রবেশ করে রোগী ও তাদের স্বজনদের মোবাইল ফোন, টাকা-পয়সাসহ মূল্যবান সামগ্রী চুরি করার কথা স্বীকার করেছেন বলে আনসার সূত্রে জানা গেছে। চুরি করা অর্থ দিয়ে মাদক সেবন করতেন বলেও তিনি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলে সূত্রটি দাবি করেছে।

আটক অভিযানে অংশ নেন এপিসি মো. আবুল বাশার (আইডি-৪২১৬০), আনসার সদস্য মো. শিহাবুল ইসলাম (আইডি-৯৬৭৬১) ও মো. আওলাদ হোসেন (আইডি-৮৫৯৩৩)।

পরে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও আনসার সদস্যদের সতর্ক নজরদারির কারণে সন্দেহভাজন ওই ব্যক্তিকে দ্রুত আটক করা সম্ভব হয়েছে। ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরেছে।