নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৮ জুন ২০২৬

বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত জোবায়েরের ঘটনায় হত্যা মামলা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৩, ৮ জুন ২০২৬

বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে  নিহত জোবায়েরের ঘটনায় হত্যা মামলা

বামে ঘাতক মানিক ডানে নিহত জুবায়ের

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত হোসিয়ারি শ্রমিক জোবায়ের (১৮) হত্যার ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে নিহতের পিতা জাহাঙ্গীর হোসেন কালু বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে এবং আরও একজনকে অজ্ঞাত আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোড ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।

নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার জাহাঙ্গীর হোসেন কালুর ছেলে। তবে দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে বন্দর উপজেলার সোনাকান্দা এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি হাজীপুর এলাকার একটি হোসিয়ারি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ জুন রাত প্রায় ৯টা ১০ মিনিটে কাজ শেষে বাড়ি ফেরার পথে এনায়েতনগর ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তার পথরোধ করে। এ সময় অভিযুক্ত মেহেদী হাসান মানিক জোবায়েরের গলায় ছুরি ধরে সঙ্গে থাকা মালামাল বের করে দিতে বলে।

জোবায়ের বাধা দিলে অন্যদের সহায়তায় মানিক তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জোবায়েরের কোমরের নিচে বাম পাশে আঘাত করে গুরুতর জখম করে। পরে তার কাছ থেকে একটি রেডমি মোবাইল ফোন ও নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

জোবায়েরের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

হত্যা মামলার নামীয় আসামিরা হলেন বন্দর উপজেলার দক্ষিণ কলাবাগ এলাকার মনির হোসেনের ছেলে মেহেদী হাসান মানিক (২৫) এবং কল্যান্দী খালপাড় এলাকার দিদার হোসেনের ছেলে নাক্কী সজিব (২৭)। এছাড়া অজ্ঞাত পরিচয়ের আরও একজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, জোবায়ের হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এর আগে অন্য একটি মামলায় গ্রেপ্তার হওয়া মেহেদী হাসান মানিককে এ হত্যাকাণ্ডের মামলায় শোন অ্যারেস্ট দেখানো হবে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়: