নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১১ আগস্ট ২০২৬

বন্দরে চোরাই অটো বেচাকেনার অভিযোগ তাঁতীলীগ নেতা মাসুমের বিরুদ্ধে

প্রকাশিত:২০:৩৩, ১১ আগস্ট ২০২৬

বন্দরে চোরাই অটো বেচাকেনার অভিযোগ তাঁতীলীগ নেতা মাসুমের বিরুদ্ধে

নারায়ণগঞ্জের বন্দরে অটো গ্যারেজের আড়ালে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা বেচাকেনার অভিযোগ উঠেছে তাঁতীলীগ নেতা মাসুম পারভেজের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কামতাল এলাকায় তার মালিকানাধীন গ্যারেজে বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া অটোরিকশা এনে রাখা ও বেচাকেনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুম পারভেজ ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলী হোসেন খোকা মিয়ার ছেলে। তিনি কামতাল এলাকার একটি রাজনৈতিক পরিবারের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে তিনি এলাকায় নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

অভিযোগ রয়েছে, সাধারণ মানুষের জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে সেই অর্থে একটি গ্যারেজ গড়ে তোলেন মাসুম। পরে ওই গ্যারেজের আড়ালে চোরাই অটোরিকশা কেনাবেচার একটি সিন্ডিকেট গড়ে ওঠে বলে দাবি স্থানীয়দের।

এলাকাবাসীর ভাষ্য, সোনারগাঁওসহ বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা এনে ওই গ্যারেজে রাখা হয়। বর্তমানে সেখানে কাগজপত্রবিহীন ৮ থেকে ১০টি অটোরিকশা রয়েছে বলেও দাবি তাদের।

‘চোরাই অটো’ উদ্ধারের অভিযোগ

ধামগড় ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সফুরউদ্দিনসহ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, মাসুমের গ্যারেজে রাখা অটোরিকশা স্থানীয় চালকদের মাধ্যমে ভাড়ায় চালানো হয়।

তাদের দাবি, একবার সফুরউদ্দিন মেম্বারের বাড়ির সামনে একটি অটোরিকশা চলাচল করতে দেখে প্রকৃত মালিক সেটি নিজের বলে শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহায়তায় চালককে আটক করা হয়। সফুরউদ্দিন মেম্বারের মধ্যস্থতায় পরবর্তীতে অটোরিকশাটি প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয় বলে জানান তারা। এ সময় কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে, সোনারগাঁও পৌর এলাকার অটোরিকশাচালক আলমগীর অভিযোগ করেন, উদ্ভবগঞ্জ এলাকা থেকে যাত্রীবেশে তিনজন তার অটোরিকশায় ওঠে। পরে তাকে অচেতন করে অটোরিকশাটি নিয়ে যায় তারা। দুই দিন পর সোনারগাঁও থানা পুলিশের মাধ্যমে মাসুমের গ্যারেজ থেকে তার অটোরিকশাটি উদ্ধার করা হয় বলে দাবি করেন তিনি।

 

এদিকে অভিযোগের বিষয়ে তাঁতীলীগ নেতা মাসুম পারভেজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী দাবি করেছেন, মাসুমের গ্যারেজে থাকা কাগজপত্রবিহীন অটোরিকশাগুলো তদন্ত করে প্রকৃত মালিকানা যাচাই এবং চোরাই অটোরিকশা থাকলে তা উদ্ধার করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।