নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১০ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে কৃতীশিক্ষার্থীদের মিস্টি মুখ করালো ইসলামী ছাত্র আন্দোলন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২০, ১০ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে কৃতীশিক্ষার্থীদের মিস্টি মুখ  করালো ইসলামী ছাত্র আন্দোলন

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা ও মিষ্টিমুখ করিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের নিয়ন্ত্রিত সিদ্ধিরগঞ্জ থানা শাখা।

 

সোমবার (১০ আগস্ট) আইসিএবি মিলনায়তনে থানা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুহা. আবরারুল করীম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহা. কাউসার আহমাদ।

 

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাদের আগামী দিনের পথচলায় জ্ঞান, নৈতিকতা ও দেশ-জাতির কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান আয়োজকরা।

 

বক্তারা বলেন, একটি ভালো ফলাফল শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ নয়; বরং এটি ভবিষ্যতের বড় দায়িত্ব পালনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। মেধার সঙ্গে নৈতিকতা, সততা, আদর্শ ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে পারলেই একজন শিক্ষার্থী পরিবার, সমাজ ও দেশের জন্য সম্পদে পরিণত হতে পারে।

 

তারা আরও বলেন, আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শিক্ষাজীবনে সাফল্যের পাশাপাশি দেশপ্রেম, ন্যায়বোধ, মানবিকতা ও দায়িত্বশীলতার গুণাবলি অর্জন করতে হবে।

 

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সিদ্ধিরগঞ্জ থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয় এবং তাদের সফল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়।