নারায়ণগঞ্জের বন্দরে স্ট্রোকে আক্রান্ত এক অসুস্থ নারীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আব্দুল আজিজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মজিবর মিয়া বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রোববার (৯ আগস্ট) সকালে বন্দর থানার মদনগঞ্জ পিএম রোডের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আব্দুল আজিজ ওই নারীর ঘরে প্রবেশ করেন। তিনি তিনবার স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় ছিলেন। অভিযোগ অনুযায়ী, এ সময় তাকে মেঝেতে ফেলে ধর্ষণের চেষ্টা করা হয়। ব্যর্থ হয়ে তাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মজিবর মিয়া সোমবার (১০ আগস্ট) আব্দুল আজিজকে অভিযুক্ত করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


































