একদিকে রেললাইন, অন্যদিকে ঘনবসতি—মাঝখানে নেই কোনো নিরাপদ চলাচলের রাস্তা। ফলে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন রেললাইনের পাশ দিয়েই যাতায়াত করতে হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লার ‘বাংলাদেশ খাঁদ’ এলাকার প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষকে। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্থানীয় সংসদ সদস্যের কাছে প্রায় আধা কিলোমিটার বিকল্প সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ দাবিকে সামনে রেখে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা শোনেন। এ সময় তিনি বিষয়টি যথাযথভাবে উত্থাপন এবং রাস্তা নির্মাণে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফতুল্লা মৌজার রেললাইনসংলগ্ন বাংলাদেশ খাঁদ এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১৬০ থেকে ১৬৫টি পরিবার বসবাস করছে। কয়েক হাজার মানুষের বসতি গড়ে উঠলেও তাদের যাতায়াতের জন্য আজও কোনো নিরাপদ সড়ক নির্মিত হয়নি। ফলে শিশু, নারী, বয়স্ক ও সাধারণ পথচারীদের প্রতিদিন রেললাইনের ধার ঘেঁষে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
বাসিন্দারা জানান, জনসংখ্যা বাড়লেও সেই অনুপাতে এলাকার যোগাযোগব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। নিরাপদ বিকল্প পথ না থাকায় বাধ্য হয়েই রেললাইনের পাশের বিপজ্জনক পথ ব্যবহার করতে হচ্ছে তাদের।
স্থানীয়দের দাবি, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ রেললাইনের পাশ দিয়ে চলাচল করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে স্কুল-মাদ্রাসাগামী শিশু ও বয়স্কদের চলাচলের সময় অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
এলাকাবাসীর ভাষ্য, একটি নিরাপদ সড়ক নির্মাণ করা হলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হওয়ার পাশাপাশি রেললাইনের পাশ দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচলও বন্ধ হবে।
জনদুর্ভোগ নিরসনে সম্প্রতি উদ্যোগ নেন স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব সিহাব প্রধান ও সাইদুর রহমান পাপ্পুসহ বাংলাদেশ খাঁদ এলাকার বাসিন্দারা। মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা এনসিপি যুবশক্তির নেতা সোহাইল ইসলাম ইফতির নেতৃত্বে এলাকাবাসী সদর উপজেলায় গিয়ে স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের কাছে তাদের দাবি ও দুর্ভোগের চিত্র তুলে ধরেন।
এ সময় এলাকাবাসী রেললাইনসংলগ্ন বটতলা থেকে বাংলাদেশ খাঁদের শেষ সীমানা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা নির্মাণের দাবি জানান।
দাবিটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন জানান, জনগণের এই ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি পাশে থাকবেন এবং রাস্তা নির্মাণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ গ্রহণ করবেন।
দাবি উত্থাপনের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে জালাল বাবুর্চী, খলিলুর রহমান, মোশারফ, শাকিল আহম্মেদ, আব্দুর রব, মতিউর রহমান, নাজমুল খান ও খালেদ মোশাররফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর প্রত্যাশা, সংসদ সদস্যের আশ্বাসের পর দীর্ঘদিনের এই জনদুর্ভোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিকল্প সড়ক নির্মাণের কার্যক্রম শুরু হবে। এতে ফতুল্লার বাংলাদেশ খাঁদ এলাকার হাজারো মানুষের নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে।


































