নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৯ অক্টোবর ২০২৬

সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান এমপি আল আমিনের

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:০৫, ১৯ অক্টোবর ২০২৬

সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান এমপি আল আমিনের

সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

 

শনিবার (১৮ অক্টোবর) তিনি তাঁর সংসদীয় এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পিলকুনী হিন্দুপাড়া মন্দির, পাগলা নয়ামাটি মন্দির, ফতুল্লা বাজার ডিআইটি মাঠের মন্দির, পাগলা সার্বজনীন পূজামণ্ডপ (কুতুবপুর), পশ্চিমপাড়া যুবসংঘ জেলেপাড়া (পাগলা), দাপা ঋষিপাড়া পূজামণ্ডপ (ফতুল্লা), শিশমহল রাধাগোবিন্দ (এনায়েতনগর), শ্রীশ্রী রক্ষাকালী মন্দির (কাশিপুর) এবং রঘুনাথপুরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে সংসদ সদস্য পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।

 

এ সময় তিনি দুর্গোৎসবকে কেন্দ্র করে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান।

 

একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।