নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন এক রিকশাচালক।
সোমবার (৮ জুন) রাতে উপজেলার বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বন্দর ঘাট থেকে তিনজন যাত্রী নিয়ে চন্ডীতলার উদ্দেশ্যে রওনা দেন ওই রিকশাচালক। পথে বাগবাড়ি এলাকায় ইস্টানের নিকটবর্তী একটি ফাঁকা স্থানে পৌঁছালে যাত্রীবেশী দুর্বৃত্তরা তাকে মারধর করে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
এ সময় রিকশাচালক সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলে রিকশা নিয়ে সরে যাওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার পা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায়ও তিনি কোনোভাবে রিকশাটি নিয়ে বাগবাড়ি হাসপাতাল প্রাঙ্গণে আশ্রয় নেন এবং সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
স্থানীয় রিকশাচালক ও বাসিন্দাদের অভিযোগ, বন্দরে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে রাতের বেলায় রিকশাচালকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জীবিকার একমাত্র অবলম্বন রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং হামলার ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং বন্দর এলাকায় রাতের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বন্দরে ছিনতাই ও হামলার একাধিক ঘটনা আলোচনায় এসেছে, যা স্থানীয়দের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।


































