মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুই ব্যবসায়ি হযরত আলী বড় ও হযরত আলী ছোট। তারা বলেন, ভিত্তিহীন এসব প্রচারের কারণে তাদের মানহানি হচ্ছে, ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং উন্নয়ন কর্মকাণ্ডও ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন ওই দুই ব্যবসায়ি। এসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী নূর হোসেন মুন্না, মোঃ রওশন আলী ভূঁইয়া, মিহাল প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হযরত আলী বড় ও হযরত আলী ছোট বলেন, তারা প্রায় ৩৬ বছর ধরে পেশাদার ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত। এ সময়ে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ (সওজ), এলজিইডি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার উন্নয়নমূলক কাজ সততার সঙ্গে সম্পন্ন করেছেন।
তারা বলেন, ঠিকাদারি কাজের প্রয়োজনে বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা এবং বিভিন্ন সময়ের রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে পেশাগত যোগাযোগ ও সমন্বয় করতে হয়েছে। এছাড়া সামাজিক ও আনুষ্ঠানিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে অনেকের সঙ্গে সৌজন্যমূলক ছবি রয়েছে। এসব যোগাযোগের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না এবং তারা কখনো কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তবে স্থানীয় মসজিদ ও স্কুল কমিটির সভাপতি এবং দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, একটি মহল এসব ছবি ব্যবহার করে তাদের কখনো বিগত সরকারের সহযোগী, আবার কখনো জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে প্রচার করছে। তারা এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
তাদের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন ঘটনা নিয়ে তদন্ত করছে। যদি ওইসব ঘটনার সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকত, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু গত দুই বছরেও তাদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ বা প্রমাণ পাওয়া যায়নি।
তারা আরও বলেন, ব্যক্তিগত প্রতিহিংসা ও ঈর্ষাবশত একটি মহল তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনে তারা আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃত্ব, সচেতন নাগরিক এবং গণমাধ্যমের প্রতি বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান।


































