নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও থেরাপি কার্যক্রমকে আরও কার্যকর করতে বিভিন্ন শিক্ষা ও থেরাপি সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল রোলার স্লাইডার, ব্যালেন্সার, থেরাপি ম্যাট, ট্রাম্পোলিন, বর্ণমালা পাজল বোর্ডসহ শিশুদের শারীরিক, মানসিক ও শিক্ষাগত বিকাশে সহায়ক বিভিন্ন উপকরণ।
ফতুল্লার কিডস ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিন।
এ সময় তিনি প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বিক বিকাশে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


































