নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে পরিচালিত দুটি চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো উচ্ছেদ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। অভিযানে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ ও বার্নার জব্দ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা।
তিতাস গ্যাসের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার জানান, টিপুরদী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে কয়েকজন অসাধু ব্যক্তি চুন কারখানা পরিচালনা করে আসছিলেন। এতে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।
তিনি বলেন, অভিযানে দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এক্সকাভেটর দিয়ে কারখানার স্থাপনা ভেঙে ফেলা হয়। পাশাপাশি অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ ও বার্নার জব্দ করা হয়েছে।
এ সময় চুন কারখানার মালিককে সহযোগিতা করার অভিযোগে কামাল হোসেন নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানের সময় তিতাস গ্যাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


































