নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—বন্দর থানার নবীগঞ্জস্থ ৮৭ নং এসআই রোড এলাকার হাজী শরীফ হোসেনের ছেলে মহানগর ছাত্রলীগ নেতা উজ্জল (৩২), একরামপুর এলাকার মনির হোসেন মিয়ার ছেলে জেলা ছাত্রলীগের সদস্য তাজুল ইসলাম জিতু (২৯), বন্দর উপজেলার পিচ কামতাল এলাকার আওয়ামী লীগ নেতা কাদির ডিলারের দুই ছেলে যুবলীগ সদস্য মেজবাউদ্দিন (৪০) ও আওয়ামী লীগ কর্মী মনির হোসেন (৫৫)।
এছাড়া বন্দর থানার মাহামুদনগর এলাকার মৃত সাদেক আলী মিয়ার ছেলে আওয়ামী লীগ কর্মী টিপন (৫০) এবং উত্তর রূপালী আবাসিক এলাকার মৃত সৈয়দ আলী বেপারীর ছেলে আওয়ামী লীগ কর্মী আব্দুর রব (৫৬) রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বন্দর থানায় রুজু হওয়া সন্ত্রাসবিরোধী আইনের ৬০(৭)২৬ নম্বর মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


































