নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৮ আগস্ট ২০২৬

এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেমের মাধ্যমে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:০৭, ১৮ আগস্ট ২০২৬

এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেমের মাধ্যমে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির "অটো ফাইন সিস্টেম" এর মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এই নতুন প্রযুক্তির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। 

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এআই প্রযুক্তির আটো ফাইন সিস্টেমের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, থ্রি হুইলার ও উল্টোপথে যানবাহন চলাচল সহ অন্যান্য ট্রাফিক আইন অমান্যকারিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া সম্ভব হবে। 

 

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর এই অটো ফাইন সিস্টেম চালু করল হাইওয়ে পুলিশ। এর আওতায় মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে থেকে চট্রগ্রাম সিটি গেইট পর্যন্ত ২৫০ কিলোমিটার এলাকায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ১ হাজার ৪২৭ টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। 

 

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরি, পুলিশের আইজিপি মো: আলী হোসেন ফকির সহ সংশ্লিষ্ট সংস্থার উর্ধতন কর্মকর্তারা।

সম্পর্কিত বিষয়: