শব্দদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে শব্দদূষণকারী ছয়টি যানবাহনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ছয়টি হর্ন জব্দ করা হয়।
রোববার (৩০ আগস্ট) কাঁচপুর রাজস্ব সার্কেলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, সোনারগাঁ থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্টরা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী পরিচালিত অভিযানে শব্দদূষণকারী ছয়টি যানবাহনের মালিক/চালকের কাছ থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে শব্দদূষণে ব্যবহৃত ছয়টি হর্ন জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশ দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


































