নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১১।
রবিবার (০৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি-এর একটি বিশেষ আভিযানিক দল ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন ওই পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান পরিচালনা করে। আভিযানিক দলটির উপস্থিতি টের পেয়ে স্পটে থাকা কয়েকজন লোক দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে ওই জমিদার বাড়ির আশেপাশে তল্লাশি চালিয়ে দ্বিতীয় তলার একটি রুমের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআরবি জানায়,উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।


































