নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২১ আগস্ট ২০২৬

বুলবুল হত্যায় সিফাত গংদের সর্বোচ্চ শাস্তির দাবি ইসলামী আন্দোলনের

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০২, ২১ আগস্ট ২০২৬

বুলবুল হত্যায় সিফাত গংদের সর্বোচ্চ  শাস্তির দাবি ইসলামী আন্দোলনের

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা ও ইসলামী যুব আন্দোলনের নেতা মুহাম্মাদ বুলবুল হত্যাকাণ্ডে জড়িত শেখ সিফাতসহ তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

 

শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা বন্দরের শাহী মসজিদ এলাকায় বুলবুল হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এ দাবি জানান।

 

সমাবেশে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর দক্ষিণ শাখার জয়েন্ট সেক্রেটারি এবং ইসলামী যুব আন্দোলন বন্দর থানার আইন ও মানবাধিকার সম্পাদক মুহাম্মাদ বুলবুলকে শেখ সিফাত ও তার সন্ত্রাস বাহিনী নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। অনতিবিলম্বে শেখ সিফাত গংদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

 

তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোনোভাবেই যেন সন্ত্রাসীরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মারুফ শেখ, নগর সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নুর হোসেন, সেক্রেটারি সুলতান মাহমুদসহ ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা।

 

সমাবেশ শেষে বুলবুল হত্যার বিচার ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

এ সময় বক্তারা বলেন, বুলবুল হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

ধারাবাহিক কর্মসূচি ঘোষণা

 

বুলবুল হত্যার বিচার ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

 

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—

 

২২ আগস্ট শনিবার: নারায়ণগঞ্জ মহানগরের সকল থানায় বিক্ষোভ মিছিল।

 

২৩ আগস্ট রবিবার সকাল ১১টা: জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বরাবর স্মারকলিপি প্রদান।

 

নেতারা বলেন, বুলবুল হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।