নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ আয়োজনে 'জাতীয় ফল মেলা-২০২৬' এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। উদ্বোধনের পর তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বাংলাদেশের ফল চাষে বৈচিত্র্য আনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশীয় ও উন্নত জাতের ফলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক ফল চাষে উৎসাহিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের শাক-সবজির বীজ, রাসায়নিক সার, গাছের চারা এবং কৃষি উপকরণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক, অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, ফলমেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা এবং বিপুলসংখ্যক দর্শনার্থী।


































