মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং সহ সকল অপরাধ দমনে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জুলাই মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অগ্রগতি তুলে ধরা হয়। এছাড়াও মাদক, কিশোর গ্যাং প্রতিরোধে প্রতি মাসে উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট সংসদ সদস্য ও পুলিশ সুপারকে নিয়ে পৃথক সমন্বয় সভা আয়োজনের প্রস্তাব গৃহীত হয়।
অপরদিকে চাষাড়া-পঞ্চবটি সড়ক ও কাঞ্চন সড়কের অবনতিশীল অবস্থা সম্পর্কে রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়াও
চাষাড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, হকার উচ্ছেদ এবং সাইনবোর্ড থেকে চাষাড়া লিংক রোডে এআই ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, মাদক সকল অপরাধের মূল উৎস। মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন বদ্ধপরিকর।
তিনি বলেন, প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং গণসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদক নির্মূলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।
জেলা প্রশাসক আরো বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিশোর গ্যাংসহ সকল অপরাধ নির্মূলে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সকলের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে সব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সভাপতি সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপি, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান,নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, সিভিল সার্জন মশিউর রহমান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনউদ্দীন। এছাড়াও বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, কোস্টগার্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


































