নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণের ২য় ব্যাচ শুরু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:০৭, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণের ২য় ব্যাচ শুরু

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, টেকসই জীবিকা ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাশরুম চাষ বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচ শুরু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে Climate Resilient Campus Initiative-এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে দ্বিতীয় ব্যাচে ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।

প্রশিক্ষণে মাশরুম চাষের আধুনিক ও ব্যবহারিক পদ্ধতি, উপযোগী পরিবেশ তৈরি, পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ, উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সীমিত জায়গা ও স্বল্প পুঁজিতে তুলনামূলক কম ঝুঁকিতে মাশরুম চাষ করা সম্ভব হওয়ায় এটি বেকার ও কর্মপ্রত্যাশী মানুষের জন্য আত্মকর্মসংস্থানের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে কৃষিজমির ওপর অতিরিক্ত চাপ না থাকায় মাশরুম চাষকে জলবায়ু সহনশীল ও টেকসই জীবিকার একটি মাধ্যম হিসেবে দেখা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন জানান, স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী ও আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আরও বেশি তরুণকে আত্মকর্মসংস্থানের আওতায় আনার উদ্যোগ অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগ বেকারত্ব কমানোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে টেকসই ও জলবায়ু সহনশীল জীবিকার পথে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।