নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশে স্বর্ণজয়, এবার বিশ্বজয়ের লক্ষ্যে ইতালির পথে তোলারামের দুই শিক্ষার্থী

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশে স্বর্ণজয়, এবার বিশ্বজয়ের লক্ষ্যে ইতালির পথে তোলারামের দুই শিক্ষার্থী

আন্তর্জাতিক প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতা Fibonacci International Robot and STEM Olympiad (FIRSO) –এ জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জয় করেছে সরকারি তোলারাম কলেজের দুই  শিক্ষার্থী।

এই অর্জনের মাধ্যমে ইতালির রোমে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার আন্তর্জাতিক চূড়ান্ত পর্বে (গ্লোবাল ফাইনাল) বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে তারা।

​প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করা স্বাস্থ্যবিষয়ক প্রজেক্টটির নাম ‘স্বাস্থ্য বন্ধু’। প্রজেক্টটি তৈরি করেছে কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. তাহমিদ ইসলাম হৃদম (প্রজেক্ট লিডার) এবং প্রতীম কান্তি সরকার শান্তনু। 

তরুণ এই উদ্ভাবকদের মেন্টর হিসেবে দিকনির্দেশনা দিয়েছেন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মিঠুন বিশ্বাস।

​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আলেকজান্ড্রা এ খলেভনয়।

​শিক্ষার্থীদের এই অর্জনে দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানের জন্য সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিজয়ী দলের সদস্যরা।

​অনবদ্য এই জয়ে বিজয়ী দলকে কলেজের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। আগামীতে ইতালির রোমে বিশ্বমঞ্চে দেশের নাম ও কলেজের গৌরব উজ্জ্বল করার জন্য সবার কাছে শুভকামনা চেয়েছে বিজয়ী শিক্ষার্থীরা।