নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মিজান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮ ইঞ্চি লম্বা একটি চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে বন্দর থানাধীন ঢাকেশ্বরী বাজারের সোনাচরা এলাকায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।
পরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় বন্দর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল অভিযান ও তদন্ত শুরু করে।
এর ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর বন্দর থানাধীন মালামত এলাকার মামুন ডাকাতের বাড়ির সামনে থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাচরা এলাকার ফজলুল হকের ছেলে।
পুলিশের অভিযানে তার কাছ থেকে ১৮ ইঞ্চি লম্বা একটি চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


































