বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উল্লেখিত কলেজ প্রাঙ্গণে এ ক্লাস অনুষ্ঠিত হয়।
বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজে কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, উচ্চ মাধ্যমিক হচ্ছে জীবনের টার্নিং পয়েন্ট। এই পর্যায়ে ভালো ফলাফল করতে পারলে তোমাদের জীবনের মোড় ঘুরে যাবে। উচ্চ মাধ্যমিকের এই সময়টি খুবই সংক্ষিপ্ত। তাই সিলেবাস শেষ করতে হলে সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে, এখানে একটি সেকেন্ডও নষ্ট করার সুযোগ নেই।
ওরিয়েন্টেশন ক্লাসে আরও বক্তব্য রাখেন গভর্নিং বডির অভিভাবক সদস্য শফিকুল ইসলাম, বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান,সহকারী প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, সরকারি অধ্যাপক মো. ইকবাল হোসেন, সিনিয়র শিক্ষক মো. ইউনুছ মিয়া এবং সহকারী অধ্যাপক এম এম রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি নিয়মিত ক্লাস করা, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষকদের নির্দেশনা মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।


































