নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৮ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে তালিকাভুক্ত ছিনতাইকারী সানি সহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১২:৫৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে তালিকাভুক্ত ছিনতাইকারী সানি সহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দর থানায় দায়ের করা অপহরণ মামলার সন্দিগ্ধ আসামি ও তালিকাভুক্ত ছিনতাইকারী রফিকুল ইসলাম সানি (৩৫) ও মো. আওরালী (৪৬)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

রোববার (২৮ সেপ্টেম্বর) র‍্যাব-১১, সিপিসি-১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর থানাধীন হাজীগঞ্জ ও কালীরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গত ৮ সেপ্টেম্বর রাতে সানজিদ হাসান রাফি (২৫) নামে এক যুবককে ‘তিন্নি’ নামে পরিচয় দেওয়া এক নারী WhatsApp-এর মাধ্যমে যোগাযোগ করে দেখা করার কথা বলে বন্দরের নবীগঞ্জ ঘাট এলাকায় ডেকে নেয়। সেখানে কয়েকজন ব্যক্তি তাকে মিশুক গাড়িতে তুলে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে তাকে বন্দরের রাজবাড়ি এলাকার একটি কবরস্থানের পেছনে নিয়ে আরও কয়েকজন সহযোগী যোগ দিয়ে শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। জীবন রক্ষার্থে ভিকটিম বিভিন্ন বিকাশ নম্বর ও ব্যাংক হিসাবের মাধ্যমে কয়েক ধাপে মোট ১ লাখ ২৪ হাজার ১৫০ টাকা প্রদান করেন। টাকা পাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ১৪-১৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় অপহরণ মামলা দায়ের করেন।

গ্রেপ্তার রফিকুল ইসলাম সানি নারায়ণগঞ্জ জেলার তালিকাভুক্ত ছিনতাইকারী বলেও জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: