নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, তীব্র যানজট

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, তীব্র যানজট

নারায়ণগঞ্জের বন্দরে বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি ও অটোরিকশা চালকরা। এতে প্রায় সাড়ে ৩ কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

অবরোধের কারণে নবীগঞ্জ থেকে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

বিক্ষুব্ধ শ্রমিক ফারুক বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের জানমালের ক্ষতি হচ্ছে।

স্থানীয় বাসিন্দা খাইরুল অভিযোগ করে বলেন, সংস্কারকাজে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও স্বেচ্ছাচারিতার কারণে কাজ এখনও শেষ হয়নি। বারবার সংস্কারের আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

বিক্ষুব্ধ চালক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক সংস্কারের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত বিষয়: