নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে বিপুল পরিমাণ অস্ত্রসহ সন্ত্রাসী ‘ব্ল্যাক জনি’ ও সহযোগী গ্র

প্রকাশিত:১৯:১২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে বিপুল পরিমাণ অস্ত্রসহ সন্ত্রাসী ‘ব্ল্যাক জনি’ ও সহযোগী গ্র

নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. মতিউর রহমান জনি ওরফে ব্ল্যাক জনি (৩৯) নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসী ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের ঘাড়মোড়া কাজীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মতিউর রহমান জনি বন্দর থানার সুচিয়ারবন্দ এলাকার মো. আমান উল্লাহর ছেলে। গ্রেপ্তার অপর আসামি মো. রিফাত হাসান (২৬) জিউধারা চৌরাস্তা এলাকার মো. খোরশেদ আলমের ছেলে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের নির্দেশনায় ডিবি ‘খ-জোন’ এর উপপরিদর্শক (এসআই) এস এম আবদুল আজিজের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘাড়মোড়া কাজীবাড়ি এলাকার একটি হাঁসের খামারের দক্ষিণ পাশের মাটির নিচ থেকে বস্তাবন্দী অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি লোহার রামদা, ২টি এসএস-এর বাটযুক্ত রামদা, ২টি লোহার বাটযুক্ত রামদা, ২টি ছোরা, ২টি দা এবং ৩টি জিআই পাইপসহ মোট ১৬টি দেশীয় অস্ত্র ও সরঞ্জাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা পরস্পর যোগসাজশে চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে এসব অস্ত্র নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে বন্দর থানায় মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ব্ল্যাক জনির বিরুদ্ধে বন্দর ও সদর থানায় মাদক, অস্ত্র ও বিভিন্ন ধারায় আরও ৭টি মামলা আদালতে বিচারাধীন।