নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৭ অক্টোবর ২০২৬

নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি রিয়াদ চৌধুরীর

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২৬, ৭ অক্টোবর ২০২৬

নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি রিয়াদ চৌধুরীর

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

বুধবার (৭ অক্টোবর) সদর উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

সভায় রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, গত কয়েক মাস ধরে বক্তাবলী ও আলীরটেক এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ শোনা যাচ্ছে। বালু উত্তোলন বন্ধে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।

তিনি বলেন, এর আগেও নৌ পুলিশ, কোস্টগার্ড ও সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হয়েছিল। প্রশাসনের সদিচ্ছা থাকলে জনস্বার্থবিরোধী এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “যারা এসব করছে, তাদের এমন কী ক্ষমতা যে তারা সবাইকে উপেক্ষা করে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে? প্রশাসনের সদিচ্ছা থাকলে অনেক কিছুই সম্ভব—এটা আমরা ইতিমধ্যে দেখেছি।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে প্রশাসন ও পুলিশকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। তবে রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও আইন প্রয়োগের সময় সবার প্রতি সমান আচরণ নিশ্চিত করার দাবি জানান তিনি।

দুর্গাপূজায় নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতার আশ্বাস

আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সভায়ও বক্তব্য দেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিবছরই বিভিন্ন ধরনের অপপ্রচার ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়। নারায়ণগঞ্জে যাতে ধর্মীয় উৎসব পালনে কোনো ধরনের বাধা বা নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রিয়াদ বলেন, “প্রশাসনের পাশাপাশি আমরা দলীয়ভাবেও পূজামণ্ডপগুলোতে সহযোগিতা ও নিরাপত্তার ব্যবস্থা করব। সদর উপজেলাসহ ফতুল্লা এলাকার পূজামণ্ডপগুলোতে আমরা সহযোগিতা করে থাকি।”

তিনি আরও বলেন, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুন্দর ব্যবস্থা করেছেন। পূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করবেন বলেও জানান তিনি।

সম্পর্কিত বিষয়: