নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২২ নভেম্বর ২০২৬

বক্তাবলীতে ৩ অবৈধ ইটভাটায় ১৫ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো একটি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৪০, ২২ নভেম্বর ২০২৬

বক্তাবলীতে ৩ অবৈধ ইটভাটায় ১৫ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো একটি

নারায়ণগঞ্জের বক্তাবলীতে বায়ুদূষণ ও অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে একটি ইটভাটার স্থাপনা এক্সকাভেটর দিয়ে আংশিক ভেঙে দেওয়া হয়েছে। বাকি ইটভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলার পূর্ব গোপালনগর এলাকায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মেসার্স এনবিএম ব্রিকস-৩, মেসার্স নূরে মদিনা ব্রিকস এবং মেসার্স নাছির উদ্দিন অ্যান্ড সন্সকে পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এর মধ্যে মেসার্স এনবিএম ব্রিকস-৩-এর স্থাপনা এক্সকাভেটর দিয়ে আংশিক ভেঙে দেওয়া হয়। অন্য দুটি ইটভাটার কার্যক্রমও সম্পূর্ণ বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ। সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারায় এসব জরিমানা করা হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সম্পর্কিত বিষয়: