নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৪ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে হবে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:২২, ২৪ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে হবে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ এবং জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে বিদ্যালয়ভিত্তিক পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ উদ্যোগের অংশ হিসেবে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ নামে একটি ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়েছে।

সম্প্রতি নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬১ নম্বর কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’-এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এর আগে একই উদ্যোগের আওতায় ৬০ নম্বর গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগারটির উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের বিদ্যালয়ে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের।

ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের আওতায় নেওয়া এ উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা। বর্তমানে শিশু-কিশোরদের বড় একটি অংশ মোবাইল ফোন ও ডিজিটাল মাধ্যমে বেশি সময় ব্যয় করছে। এ পরিস্থিতিতে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মননশীলতা, কল্পনাশক্তি ও সৃজনশীলতা বিকাশে বিদ্যালয়ভিত্তিক পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা প্রশাসনের মতে, ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ শুধু বই পড়ার স্থান নয়; বরং শিক্ষার্থীদের কৌতূহল, অনুসন্ধিৎসা, চিন্তাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি সহায়ক শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলার উদ্যোগ।

প্রতিটি ইউনিয়নের বিদ্যালয়ে এ পাঠাগার কার্যক্রম চালু করা সম্ভব হলে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার সংস্কৃতি গড়ে উঠবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভরতার পাশাপাশি জ্ঞান, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে উপজেলা প্রশাসন।