নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৫ নভেম্বর ২০২৬

পুলিশ কনস্টেবল হত্যা: ডেভিডসহ গ্রেপ্তার ৬, পাঁচজন রিমান্ডে

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৬, ২৫ নভেম্বর ২০২৬

পুলিশ কনস্টেবল হত্যা: ডেভিডসহ গ্রেপ্তার ৬, পাঁচজন রিমান্ডে

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় আলোচিত মাদক কারবারি আব্দুল্লাহ ও মামলার প্রধান আসামি মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পাঁচ আসামির পাঁচ দিনের রিমান্ডে মঞ্জুর করেছে আদালত। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহে যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় একদল মাদক কারবারি তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এএসআই সাত্তার পালিয়ে প্রাণে বাঁচলেও ঘটনাস্থলেই নিহত হন কনস্টেবল আনোয়ার মোল্লা। অভিযানে মুন্সিগঞ্জের সদর থেকে আব্দুল্লাহ এবং নারায়ণগঞ্জের দেওভোগ ও তাসলিম পট্টি এলাকা থেকে সামাদ ও হাসানকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে প্রধান আসামি ডেভিডকে গ্রেপ্তারের চেষ্টা করে পুলিশ। এ সময় তিনি পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে ডেভিডের পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ককটেলের আঘাতে পুলিশের চার সদস্য আহত হন। গ্রেপ্তার অন্য দুজন হলেন জাবেদ কায়সার আজাদ ও আদর। পরে তাদের নিয়ে অভিযান চালিয়ে তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির সরঞ্জাম, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।