নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৪ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে এনটিভি’র ২৪ বছরে পদার্পণ উদযাপন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৮, ৪ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে এনটিভি’র ২৪ বছরে পদার্পণ উদযাপন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছর পূর্তি ও ২৪ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (৪ জুলাই) দুপুরে সোনারগাঁ থানা প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনটিভির নারায়ণগঞ্জ (সদর, সোনারগাঁ ও বন্দর) প্রতিনিধি এবং সোনারগাঁ থানা প্রেসক্লাবের সহসভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, “গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন একটি গণতান্ত্রিক সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এনটিভি দীর্ঘ ২৩ বছর ধরে পেশাদার সাংবাদিকতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম বিপ্লব এবং পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিনিধি শেখ ফরিদ, দৈনিক বাংলার সোনারগাঁ প্রতিনিধি হাসান রিপন, আরটিভির সোনারগাঁ প্রতিনিধি মোশাররফ হোসেন খসরু, ঢাকা পোস্টের সোনারগাঁ প্রতিনিধি মীমরাজ হোসেন, খবরের কাগজের সোনারগাঁ প্রতিনিধি ইমরান হোসেনসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, এনটিভি প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ, সময়োপযোগী অনুষ্ঠান এবং জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদন প্রচারের মাধ্যমে দর্শকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। সত্য, নিরপেক্ষতা ও পেশাদার সাংবাদিকতার প্রতি অঙ্গীকারের কারণেই চ্যানেলটি দুই দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে। নিপীড়িত ও অসহায় মানুষের কথা তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়ন ও সম্ভাবনার সংবাদ প্রচারেও এনটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়, এটি একটি সফল পথচলার মাইলফলক বলেও মন্তব্য করেন তারা।

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: